ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাদের ভালো পরিবারে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে প্রচলিত চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন জামায়াত আমির।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্রনেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন এবং জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে জামায়াতের ভূমিকা সম্পর্কে জানতে চান। পাশাপাশি ছাত্রনেতাদের বিয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি।
মিনহাজ জানান, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহার বয়সে কিছুটা সিনিয়র। তারা নিয়মিত বিয়ের বিষয়ে অনুরোধ করেন। এ নিয়ে জামায়াত আমিরের পরামর্শ চান তিনি।
জবাবে ছাত্রনেতাদের আগাম শুভেচ্ছা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তাদের বিয়ের বয়স হয়েছে। এখন বিয়ে-শাদি করার সময় এসেছে।
এ সময় অধ্যাপক গোলাম আযমের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিয়ে শুধু আনন্দ-উপভোগের বিষয় নয়, সভ্যতা বিনির্মাণেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যথাসময়ে বিয়ে ও পরিবার গঠনের উদ্যোগ না নিলে একটি জাতি পিছিয়ে পড়তে পারে। জন্মহার কমে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে ও সন্তান গ্রহণে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্রনেতাদের বিয়ের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, যাদের বিয়ের সুযোগ রয়েছে, তাদের পাশে থাকবেন তারা। ভবিষ্যতে তাদের বিয়ের ব্যবস্থা করার পাশাপাশি ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
কর্মসংস্থান ও ক্যারিয়ার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ছাত্রনেতাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকলেও তিনি চান না তারা শুধু চাকরির পেছনে ছুটুক। বরং নেতৃত্বের জায়গায় পৌঁছানো, নতুন কিছু উদ্ভাবন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, আজকের বীজ থেকেই আগামী দিনের গাছ হবে এবং একসময় সেই গাছ থেকে ফল আসবে। এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের মেধা ও সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। তার মতে, তরুণদের হাত ধরেই ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এই অগ্রযাত্রার সুফল কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।