মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে উপজেলার উমপাড়া এলাকায় ঢাকামুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাবেদ (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম মতিন।
দুর্ঘটনায় আহত মো. সামির (২৪) একই জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম দাদন আকন্দ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।