মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলায় সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় হাসাইল বানারী ইউনিয়নে ২০০টি জেলে পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রত্যেক জেলে পরিবারকে ৮০ কেজি করে ভিজিএফ চাউল প্রদান করা হয়। মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে এ সহায়তা দিয়ে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল খালাসি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, প্রকৃত জেলেদের তালিকা অনুযায়ী স্বচ্ছভাবে চাউল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অন্যদিকে একই কর্মসূচির আওতায় দিঘীরপাড় ইউনিয়নে ১০০টি জেলে পরিবারের মাঝেও ৮০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে তালিকাভুক্ত জেলেদের মধ্যে এ চাউল বিতরণ করা হয়।
স্থানীয় জেলে পরিবারগুলো ভিজিএফ চাউল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।