ঢাকায় ভারতীয় হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যকার সুসম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্যই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ‘প্রকৃত প্রাণভোমরা’।
অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন ক্ষেত্রের আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ভারতের জাতীয় সংগীত ও জাতীয় গান ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া জাতির উদ্দেশে ভাষণের নির্বাচিত অংশ পাঠ করেন দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্টের তাৎপর্য শুধু ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং স্বাধীন ভারতের ভবিষ্যৎ নির্ধারণে প্রতিটি নাগরিককে ক্ষমতায়িত করাই ছিল এর অন্যতম মূল লক্ষ্য।
ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে হাইকমিশনার বলেন, দুই দেশের স্বাধীনতা সংগ্রামের শিকড় পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যৌথ ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ক্রমাগত এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ সহযোগিতা জোরদার করছে। দুই দেশের জনগণের মধ্যে আত্মিক যোগাযোগই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ভারতের উদ্ভাবন ও অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের দেশের উন্নয়নযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানান দিনেশ ত্রিবেদী।