মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে স্থানীয়রা কার্যালয়ের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে গাংনী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু দুটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতৈল গ্রামের পশ্চিম পাড়ায় মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অস্থায়ীভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করেন।
উক্ত দোকানেই নিয়মিতভাবে বিএনপির নেতাকর্মীরা বসে নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে ককটেল সদৃশ বস্তু দুটি রেখে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।