শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চ-এর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায়। এ ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার বিকেল ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নন।
তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, আহতের সংখ্যা আরও বেশি। তাদের ভাষ্য অনুযায়ী, অন্তত ২০ জনকে বিভিন্ন সময়ে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।