আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এর মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট হাতে না পেলে গণনায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না বলে সতর্ক করেছে কমিশন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার ও গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। এরপর ঘোষণাপত্রে স্বাক্ষর করে সাদা খামটি হলুদ খামের ভেতরে ঢুকিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার হাতে ব্যালট না পৌঁছালে সেটি বাতিল হিসেবে গণ্য হবে। তাই প্রবাসী ভোটারদের দ্রুত ব্যালট পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার এবং দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটার—সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, এ ব্যবস্থায় মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।