কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা পুনর্বহালের চেষ্টা আপাতত ব্যর্থ হলো।
এর আগে গত ১৯ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। পরদিন ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়। শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী মো. ফয়েজুল্লাহ ফয়েজ আদালতে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, যা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে একই আসনের অপর প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ঋণখেলাপি ও ব্যাংক লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশের মানুষ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ব্যাংক লুট করে কেউ সংসদে যাওয়ার স্বপ্ন দেখতে পারে না। জনগণ এবার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে।
এদিকে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।