সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর ছাত্রশিবির।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা শাকসু নির্বাচন অবিলম্বে আয়োজনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক বিষয় হলেও পরাজয়ের আশঙ্কায় নির্বাচন বন্ধের চেষ্টা ছাত্রসমাজ কখনো মেনে নেবে না। হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার খর্ব করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি এবং এ রায় প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বন্ধের অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীরা অতীতেও এ ধরনের অপশক্তিকে প্রত্যাখ্যান করেছে এবং এবারও করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারা অটল রয়েছেন। পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের সামনে পরিস্থিতি সৃষ্টি করে একাধিক নির্বাচন স্থগিত করা হচ্ছে উল্লেখ করে তিনি নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান।