মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আফনান আরা (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা তেচ্ছিব্রিজ এলাকায় কক্সবাজার–টেকনাফ মহাসড়ক অবরোধ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের সময় ছোড়া গুলিতে বাংলাদেশ অংশে এক শিশু প্রাণ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
স্থানীয়দের ভাষ্য, গত দুই থেকে তিন দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে, যার প্রভাব সীমান্ত এলাকায় পড়ছে।