মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন—এমন খবরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”
মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের মধ্যে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে এবং নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকিও রয়েছে।
এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।