মো: হোসেন,মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার ও জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন—দক্ষিণ সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম মোল্লা এবং একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবদুল মান্নান খান।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে আটককৃতদের পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে প্রধান শিক্ষক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম মোল্লাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, একই মামলায় গ্রেফতার দেখানো হলেও ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান খান গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিজ্ঞ আদালতের বিচারক তাকে জামিন মঞ্জুর করে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, আটককৃত দুইজনই পুলিশের ওপর হামলা মামলার আসামি। তাদের মধ্যে শহীদুল ইসলাম মোল্লাকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, আবদুল মান্নান খান গুরুতর অসুস্থ হওয়ায় আদালত থেকে জামিন পান।