মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরে ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বিকেলে জিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসন থানার মোগরখাল এলাকার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সদর থানার ৮ জন, বাসন থানার ৬ জন, কোনাবাড়ী থানার ২ জন, কাশিমপুর থানার ৩ জন, গাছা থানার ৫ জন, পূবাইল থানার ২ জন, টঙ্গী পূর্ব থানার ২ জন এবং টঙ্গী পশ্চিম থানার ২ জন রয়েছেন।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মহানগরের কলম্বিয়া গার্মেন্টসের সামনে যুবলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে পুলিশকে লক্ষ্য করে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যায়, “ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।”
জিএমপির মিডিয়া শাখার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।