জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে আংশিক ফলাফল প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত ঘোষিত ১৩টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী একেএম রাকিব।
তিনি পেয়েছেন মোট ১ হাজার ৪৫৭ ভোট। অপরদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৬৬ ভোট। ফলে ভিপি পদে রাকিব ৯১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
এদিকে জিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল আলিম। তিনি পেয়েছেন ১ হাজার ৪৪৪ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭২৪ ভোট। এ পদে ব্যবধান ৭২০ ভোট।
এছাড়া এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাসুদ রানা, যিনি পেয়েছেন ১ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের তানজিল পেয়েছেন ১ হাজার ১৫৯ ভোট।
উল্লেখ্য, বুধবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য সাড়ে ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও টেকনিক্যাল সমস্যার কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় গণনা শুরু হয়। ফলাফলের বাকি অংশ পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।