রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত হলগুলো উদ্ধারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হামিদুর রহমান হামিদ। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি নিজ দায়িত্বে বেদখলকৃত হলগুলো উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
রোববার (৪ জানুয়ারি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) জবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় একটি রেস্তোরাঁয় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকদের সংগঠন ইউট্যাবের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় হামিদ আসন্ন নির্বাচনে তাকে সহযোগিতা করার জন্য শিক্ষকণ্ডলীকে অনুরোধ জানান। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলগুলো উদ্ধারে হামিদের সহযোগিতা চাইলে তিনি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষক সমিতির সভাপতি বলেন, “জনাব হামিদের আশ্বাস আমাদের মধ্যে যে আশার সঞ্চার করেছে; তার আলোকে ঢাকা-৭ ও ঢাকা-৬ আসনের সকল দলের প্রার্থীদের সাথে ধারাবাহিকভাবে আমরা বসবো এবং তাদের সহযোগীতা প্রত্যাশা করবো। সকলের সহযোগীতা পেলে আমরা বেদখলকৃত হল উদ্ধারে সফলতা পাবো।”