ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার–৪ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, এই আসনের দুই প্রধান প্রার্থী—বিএনপির শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী—এর সম্পদ ও আয়ের মধ্যে রয়েছে ব্যাপক ব্যবধান।
হলফনামা অনুযায়ী, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ৯০ লাখ টাকা, যা জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সম্পদের তুলনায় প্রায় ২১ গুণ বেশি।
শাহজাহান চৌধুরী বছরে আয় দেখিয়েছেন প্রায় ১২ লাখ টাকা। তার স্থাবর সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৯০ লাখ টাকা। তার কোনো ঋণ বা দায় নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে প্রায় ৫১ লাখ ৫০ হাজার টাকা। তিনি শিক্ষকতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সম্মানী থেকে মোট আয় দেখিয়েছেন প্রায় ৫ লাখ ৭৭ হাজার টাকা।
উল্লেখ্য, অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী দীর্ঘ প্রায় ২২ বছর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর এবার প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কক্সবাজার–৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।