বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানাজা ও দাফনস্থলে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুরো আয়োজন রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে এবং জানাজায় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সব সদস্য উপস্থিত থাকবেন।
প্রেস সচিব আরও জানান, বুধবার এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা পর্যন্ত খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করেই জানাজা ও দাফনসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে দুপুরে খালেদা জিয়ার মৃত্যুতে দাফন, জানাজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।