বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্দরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি জামায়াতে অন্তর্ভুক্ত হন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার উপস্থিতিতেই জাহিদুল ইসলাম দলীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিনের সাংগঠনিক ও আদর্শিক ধারাবাহিকতার অংশ হিসেবেই তিনি জামায়াতে যোগ দিয়েছেন।
জানা গেছে, জাহিদুল ইসলাম ২০২৫ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক ছিলেন এবং সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সক্রিয় ভূমিকা রাখেন। নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার কারণে ছাত্র রাজনীতিতে তিনি পরিচিত মুখ ছিলেন।
শিক্ষাজীবনে জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সরাসরি জামায়াতে যুক্ত হওয়া সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতাকেই প্রতিফলিত করে। জামায়াতের অঙ্গসংগঠন হিসেবে ছাত্রশিবিরে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ভবিষ্যতে দলীয় রাজনীতিতে তার ভূমিকা আরও শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাহিদুল ইসলামের জামায়াতে যোগদানকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।