রাশিমুল হক রিমন, বরগুনা
বরগুনার আমতলী পৌর শহরের খোন্তাকাটা মাজার রোড এলাকায় বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ওই বাসা থেকে তিন শিক্ষিকা বোনের প্রায় ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে। জানা গেছে, আমতলী উপজেলা বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকন ও তার স্ত্রী ইয়াসমিন চিকিৎসার উদ্দেশ্যে গত বুধবার বরিশালে যান। এ সময় বাসাটি টানা তিন দিন ফাঁকা ছিল। এই সুযোগে শুক্রবার রাতে চোরচক্র বাসার খেঁচিগেট ভেঙে ভেতরে প্রবেশ করে।
চোরেরা ঘরের মূল ফটক, একটি কক্ষ ও আলমিরা ভেঙে তিন বোন-ইয়াসমিন, সীমা ও আফরোজার ব্যবহৃত প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। শনিবার দুপুরে বাড়িতে ফিরে ভাঙচুর ও চুরির আলামত দেখতে পেয়ে রেজাউল কবির খোকন বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগীদের মধ্যে ইয়াসমিন ও সীমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং আফরোজা এম বালিয়াতলী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক বলে জানা গেছে।
এ বিষয়ে মো. রেজাউল কবির খোকন বলেন, “চিকিৎসার জন্য পরিবারের সবাই নিয়ে বরিশাল গিয়েছিলাম। ফিরে এসে দেখি চোরচক্র গেট, দরজা ও আলমিরা ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।”
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”