রাশিমুল হক রিমন, বরগুনা
আমতলী উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক নিয়মে চলছে বার্ষিক পরীক্ষা।
উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে দারুণ উচ্ছ্বাস ও উৎসাহ। পরীক্ষা দিতে পেরে তাদের চোখেমুখে ছিল স্বস্তি আর খুশির ঝিলিক।
আজ সোমবার সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অভিভাবকেরা সন্তানদের হাতে কলম-পেন্সিল তুলে দিয়ে পরীক্ষা কক্ষের সামনে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছেন। অন্যদিকে, শিক্ষার্থীরা যথাসময়ে শ্রেণিকক্ষে গিয়ে পরীক্ষার খাতা হাতে পেয়ে যেন নিজেদের স্বাভাবিক রুটিনে ফেরার আনন্দ প্রকাশ করে।
চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া জানায়, “অনেক দিন পরে পরীক্ষা দিতে পারছি। পড়াশোনারও ভালো প্রস্তুতি ছিল। আজকে খুব ভালো লাগছে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার ১৫২টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি।”
শিক্ষকরা জানান, সাম্প্রতিক অস্থিরতার কারণে কিছুদিন শিক্ষাকার্যক্রমে ব্যাঘাত ঘটলেও শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়নি। পরীক্ষার প্রতি তাদের আগ্রহই প্রমাণ করে, তারা নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরতে প্রস্তুত।
অভিভাবকদের আশা-বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আবারও পড়ালেখায় মনোযোগী হবে এবং নতুন শিক্ষাবর্ষে পূর্ণ উদ্দীপনায় শ্রেণিকক্ষে ফিরবে।