নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে হাওর থেকে দিদারুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ফেকনি গ্রামের সামনের হাওর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
দিদারুল ইসলাম উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেননি দিদারুল। সকালে ফেকনি গ্রামের হাওরে স্থানীয়রা কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পায়। পরে তারা মদন থানার পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, খবর পেয়ে ফেকনির হাওর থেকে দিদারুল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।