ডিআইইউ প্রতিনিধি
রাজধানী ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ দুলে ওঠে ভবনসমূহ। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে দেখা দেয় আতঙ্ক। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভবনে ফাটলের ছবি ছড়িয়ে পড়তে থাকে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের সাদা ভবনের প্লাস্টারে একাধিক স্থানে ফাটল দেখা যায়। ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ভবনটি পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানায়।
বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ভবনের অবস্থা পরীক্ষা করে। তাদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয় ফাটলগুলো কেবল প্লাস্টারে, ভবনের মূল কাঠামোর সঙ্গে যুক্ত নয়; তাই ভবনের স্থায়িত্ব বা নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন,
বিশেষজ্ঞ দল নিশ্চিত করেছে যে ভবনের কাঠামো অক্ষত রয়েছে। আতঙ্কের কোনো কারণ নেই। প্রয়োজনে আরও বিস্তারিত পর্যবেক্ষণ করা হবে।
তবে শিক্ষার্থীদের একটি অংশ ভবনের নিরাপত্তা নিয়ে আরও গভীর পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,কর্তৃপক্ষ শুধু চোখে দেখে বলছে সমস্যা নেই—এটা যথেষ্ট নয়। যথাযথ পরীক্ষা করে তারপর একাডেমিক কার্যক্রম চালানো উচিত।
ডিআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন পর্যবেক্ষণের কাজ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে অতিরিক্ত বিশেষজ্ঞও নিয়োগ করা হবে। বর্তমানে ক্যাম্পাসে নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।