ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পড়ে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সিঁড়ি বেয়ে নামার সময় হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। তিনি পোস্টে সকলের কাছে দোয়া কামনাও করেছেন।
ভূমিকম্প অনুভূত হওয়ার মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ কম্পন টের পাওয়ায় শিক্ষার্থীরা তাড়াহুড়া করে বের হওয়ার সময় অন্তত আরও কয়েকজন আহত হন। হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ফজলুল হক মুসলিম হলে দৌড়াদৌড়ির সময় ছয়জন শিক্ষার্থী আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
সকাল ১০টা ৩৮ মিনিটে যে ভূমিকম্প অনুভূত হয়, তার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানিয়েছেন, আগারগাঁও আবহাওয়া অফিস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে কম্পনটির উৎপত্তি হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।