জুলাই অভ্যুত্থানে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ পর্যায়ের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, দুই পলাতক দণ্ডিত আসামিকে ফিরিয়ে আনতে সরকার দেশি–বিদেশি সব সম্ভাব্য আইনি পথ খতিয়ে দেখছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
আইন উপদেষ্টা জানান, ‘শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ভারতের উচিত দণ্ডিত দুই ব্যক্তিকে ফেরত দিয়ে বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো এবং সৎ প্রতিবেশীসুলভ আচরণের মান রক্ষা করা।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থান–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। একই মামলায় আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। রায় ঘোষণার পর থেকেই তাদের দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া জোরদারের কথা জানিয়ে আসছে সরকার।