মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় আজ সোমবার ঘোষণা হবে। এ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তার আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়। সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে কঠোর নজরদারি চলছে। মাজার গেটের সামনে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। ট্রাইব্যুনালের ভেতর-বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে নিরাপত্তা আরও শক্ত করা হয়েছে।
আজ চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় সরাসরি দেখতে পারবেন সাধারণ মানুষ। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় প্রদর্শনের ব্যবস্থা করেছে।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় এই তিন আসামির রায় শোনার অপেক্ষায় রয়েছে পুরো জাতি। তাদের মতে, বিশ্বের বহু দেশও এই রায়ের প্রতি গভীর নজর রাখছে। তাই বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভবিষ্যতের জন্য এটি এক সুস্পষ্ট উদাহরণ হিসেবে থাকে।