রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছেছে। রোববার (২৬ অক্টোবর) গভীর রাতে মরদেহ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পুরো গ্রাম ভারি হয়ে ওঠে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় বাড়ির পাশে একটি মাদ্রাসার মাঠে আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এর আগে, রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এতে শত শত মানুষ অংশ নেন। তার আগে রাত নয়টার দিকে কালামের মরদেহ নিজ ভাড়া বাসায় আনা হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ আরও ভারি হয়ে ওঠে। স্থানীয়রা সরকারের প্রতি আহ্বান জানান, নিহত কালামের পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব যেন সরকার নেয়।
নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
উল্লেখ্য, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন পথচারী আবুল কালাম আজাদ। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।