পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “আমরা কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ অন্য কোনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির কর্মী—কিন্তু আমাদের লক্ষ্য একটাই, স্বাধীন বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা।”
শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান শাহনাজ পারভিন এবং সঞ্চালনা করেন ইউপি সচিব সুমন শিকদার। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।
মাসুদ সাঈদী বলেন, “আমরা এমন এক দেশে বাস করছি যার রাজনৈতিক ইতিহাস দীর্ঘ আন্দোলন ও ত্যাগের সাক্ষী। ১৬ বছর ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা সংগ্রাম করে যাচ্ছি। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন নির্যাতন, হত্যা ও গুমের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করতে চেয়েছে, কিন্তু প্রতিবারই আমরা আরও ঐক্যবদ্ধ হয়েছি।”
তিনি বলেন, “যখন জনগণের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে, তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ঐক্য ভাঙার। শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও এখন তার সহযোগীরা ফ্যাসিবাদবিরোধী শক্তির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যই হবে আমাদের শক্তি।”
গঠনমূলক সমালোচনাকে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে তিনি বলেন, “দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভিন্ন মতের জন্য কেউ নির্যাতিত হবে না—যেখানে ইনসাফ, সুশাসন ও ন্যায়নীতি প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আজ আমাদের অঙ্গীকার হোক—বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ফ্যাসিবাদবিরোধী সব শক্তি একসাথে ছিলাম, আছি এবং থাকব, যতদিন না ইনসাফভিত্তিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।”