নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাজীপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, জামায়াত নেতা মো. সোহেল রানা, তুহিন ইসলামসহ আরও অনেকে। পরে একটি স্মারক লিপি ইউএনও বরাবর প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল ওসির সাথে যোগাযোগ করলে সহযোগিতার পরিবর্তে তিনি সাংবাদিককে হুমকি দেন। এর প্রতিবাদে এলাকাবাসী ওসিকে মাদক ব্যবসায়ীদের সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করে তাঁর অপসারণ দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপার পক্ষে অবস্থান নিয়ে ওসি সাংবাদিক হিল্লোলকে হুমকি দেন। এছাড়া তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, টাকা নিয়ে মামলা রুজু করা, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে সুবিধা দেয়াসহ নানা অভিযোগও উত্থাপন করা হয়। বক্তারা অনতিবিলম্বে ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলামের অপসারণ দাবি জানান।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, সাংবাদিকের সাথে আমার কিছু হয়নি। দু্ই দিন আগে রাতে মাদক ব্যবসায়ী রুপার বাড়িতে স্থানীয়দের নিয়ে মব সৃষ্টি আগুন লাগানোর পরিকল্পনা করছিলো আমি সেটা নিয়ে সাংবাদিক হিল্লোলকে বলেছিলাম মব সৃষ্টি করে কোনো সমস্যা হলে এর দায় আপনাকে নিতে হবে। এভাবে বলার কারনে সাংবাদিক লোকজন নিয়ে মিছিল করেছে, সমস্যা নেই তার কাজ সে করেছে আমার কাজ আমি করবো।