ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর তিনি বলেন, “শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে।”
সকাল ৮টার কিছু পরই তিনি এজিএস পদপ্রার্থী মুহা. মহিউদ্দিন খাঁনকে সঙ্গে নিয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। ভোট শুরুর পর থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ভিড় এড়াতে এবং দ্রুত ভোট দেওয়ার জন্য অনেকে সকাল সকাল কেন্দ্রে পৌঁছে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব বেছে নেবেন। ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে। সকাল ৭টার দিকেই প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবারের মতো হলের বাইরে ৮টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
এই নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হচ্ছে, যার মধ্যে ডাকসুর ২৮টি পদ এবং হল সংসদের ১৩টি পদ রয়েছে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ এখন চরমে, আর সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ভোটের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।