ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ইতিবাচক বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নির্বাচনের সফল আয়োজন এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
তার বার্তায় তিনি লেখেন— “সফলভাবে সম্পন্ন হোক ডাকসু নির্বাচন। ত্যাগী, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব পাক ঢাকা বিশ্ববিদ্যালয়।” উপদেষ্টার এই বক্তব্যকে শিক্ষার্থীরা নির্বাচনের প্রতি আস্থার প্রতীক হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। এবার বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রশাসন নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
তথ্য অনুযায়ী, ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে রয়েছেন ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন।
এবারের নির্বাচনে ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।