আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নির্মাণ শ্রমিককে মারধর করে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
তথ্যসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট থেকে দুইজন অজ্ঞাত ব্যক্তি নির্মাণাধীন ছাত্রী হলের এক শ্রমিককে ডেকে নিয়ে যায়। পরে তারা কলাভবনের সামনে অন্ধকারে তাকে মারধর করে সঙ্গে থাকা স্মার্টফোন ছিনিয়ে নেয়।
পরবর্তীতে ছিনতাইকারীরা কলা অনুষদের দক্ষিণ দিকের পকেট গেট দিয়ে শ্রমিককে বাইরে নিয়ে গিয়ে আবারও মারধর করে ফেলে রেখে পালিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার শ্রমিক আমজাদ বলেন, “আমি কাজের উদ্দেশ্যে রংপুর থেকে এসেছি। বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইটে পৌঁছালে দুইজন লোক আমাকে কলাভবনের দিকে যেতে বলে। আমি রাজি না হলে তারা জোর করে আমাকে টেনে নিয়ে যায়।
এরপর তারা আমাকে মারধর করে আমার প্রায় ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে দক্ষিণ দিকের পকেট গেট দিয়ে বাইরে নিয়ে গিয়ে হাত, মুখ ও বুকে লাথি মেরে ফেলে রেখে যায়। আমি তাদের চিনতে পারিনি, তবে তারা বহিরাগত মনে হয়েছে।”
প্রক্টরের রুটিন দায়িত্বে থাকা সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয়। তিনি আরও জানান, অন্ধকার থাকার কারণে কেউ ঘটনাটি টের পায়নি। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।