রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
তার জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। এই ঘটনার নিন্দা জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল শুক্রবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন।
তবে তার পোস্টকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সাবেক নেত্রী নীলা ইসরাফিল আসিফ নজরুলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। হাসনাত মন্তব্য করেন, প্রতিবাদ করা আসিফ নজরুলের কাজ নয়, বরং দায়িত্ব পালনে তিনি ব্যর্থ।
অন্যদিকে নীলা ইসরাফিল সরাসরি ব্যঙ্গ করে লিখেন, “স্যার, এত নাটক আর কত! দিনে তিন বেলা নিন্দা, পাঁচ বেলা প্রতিবাদ, মনে হয় ফেসবুকেই আপনি সংসদ বসিয়ে ফেলেছেন।”
তিনি আরও লিখেন, সেনাদের ঘরে পাঠানোই এখন আসল কাজ, অথচ আসিফ নজরুল প্রতিদিন ফেসবুকে কেবল প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। নীলার ব্যঙ্গাত্মক মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাকরাইলে সংঘর্ষে নুর গুরুতর আহত হন। তার নাক ও মাথায় আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে দলীয় সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা না গেলে নুরের অবস্থা স্থিতিশীল বলা যাবে না।
নুর ইস্যুকে কেন্দ্র করে যেমন রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তেমনি আসিফ নজরুলের পোস্ট ঘিরে নীলা ইসরাফিলের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।