ফেনীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া তরুণ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহম্মদ রাজপথের নেতাদের প্রতি হতাশা প্রকাশ করে বলেছেন, “উনারা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত, শহীদ পরিবারের দিকে তাকানোর সময় নেই কারও। আমরা শুধু বিচার চাই, কোটি টাকা চাই না।”
২০২৪ সালের ৪ আগস্ট, ফেনীর মহিপালে আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে প্রাণ হারান শ্রাবণ। উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মাঝেই রাজপথে নেমেছিলেন তিনি। শ্রাবণ ছিলেন একজন সংগঠক ও মেধাবী ক্রিকেটার। একমাত্র সন্তানকে হারিয়ে আজ ভেঙে পড়েছেন তার পরিবার।
শ্রাবণের মা ফাতেমা আক্তার শিউলি বলেন, “আমাদের গোছানো জীবনটা একদিনেই ভেঙে গেছে। মেয়েটা ভাইয়ের শোকে নিঃশব্দ হয়ে গেছে, কারও সঙ্গে কথা বলে না।” তিনি আরও বলেন, “আমার সুখ, আমার আনন্দ—সবই ছিল শ্রাবণ। এখন শুধু একটাই দাবি—বিচার।”
শ্রাবণের পরিবার জানায়, এজাহারনামীয় আসামিরা এখনো ধরা পড়েনি, বড় বড় আসামিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। নেছার আহম্মদ বলেন, “বিচার না হলে আমাদের সন্তানের আত্মত্যাগ বৃথা যাবে। আল্লাহর কাছেই বিচার দিয়েছি।”
জেলা প্রশাসক জানান, শহীদ পরিবার ও আহতদের জন্য সরকার প্রায় ৫ কোটি ৫৪ লাখ টাকার সহায়তা দিয়েছে। তবে পরিবারগুলোর মতে, অর্থ নয়, বিচারই তাদের একমাত্র চাওয়া।
পুলিশ জানায়, ফেনীতে আন্দোলন নিয়ে ২২টি মামলা হয়েছে, যার মধ্যে ৭টি হত্যা মামলা। গ্রেপ্তার হয়েছে এক হাজারের বেশি আসামি। ১১ জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তদন্ত চলছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত।
তবে শহীদ পরিবারের প্রশ্ন—নেতারা কি আর ফিরবেন শহীদদের পাশে?