ফয়সাল হোসাইন সনি, বগুড়া
বগুড়ার সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর দুর্বৃত্তদের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। তবে অলৌকিকভাবে কোনো গুলি তার শরীরে না লাগলেও পরে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় তাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতুল চন্দ্র দাস ঘটনাস্থলে বসে ছিলেন। সে সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর গুলি ছোড়ে এবং পরপরই ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।