কুষ্টিয়ায় এমপি মুফতি আমির হামজার গাড়িবহরে হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটকুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। সংবাদ সম্মেলন থেকে হামলায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা জামায়াতের স্থানীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মুফতি আমির হামজা লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণ অধিকার পরিষদের চিহ্নিত কিছু সন্ত্রাসী তাঁর গাড়িবহরে হামলা চালায়। তাঁর অভিযোগ, ঘটনাটি আকস্মিক নয়; শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তাঁর গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে নস্যাৎ করার উদ্দেশ্যে এটি পূর্বপরিকল্পিতভাবে করা হয়েছে।
মুফতি আমির হামজা বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা তাঁর দায়িত্ব। প্রকাশ্যে একজন সংসদ সদস্যের গাড়িবহরে এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং এর মাধ্যমে হামলাকারীরা কুষ্টিয়াবাসীর নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং পুলিশ ও স্থানীয় প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্তভাবে হামলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা।
এ সময় মুফতি আমির হামজা কুষ্টিয়াবাসীকে শান্ত ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানান। তবে প্রশাসন দ্রুত হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নেতারা হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।