ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলার ঘটনায় দলটির দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টিএম মাহবুবর রহমান। তাদের প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে। ফলাফল ঘোষণার পর সমিউদ্দীন স্মৃতি কলেজ মাঠ থেকে বাড়ি ফেরার পথে মির্জা ফয়সল আমিনের ওপর হামলা চালানো হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরদিন ১৩ জুলাই জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে কাউন্সিলের ফলাফল স্থগিত ঘোষণা করেন। একই দিন জরুরি সভা ডেকে জেলা বিএনপি হামলার সঙ্গে জড়িত দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় দফতরে প্রেরণ করে।
তবে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।
দলীয় সূত্র মতে, অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং সহিংস রাজনীতির বিরুদ্ধে বার্তা দিতেই বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। দলের শীর্ষ মহল বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেও জানা গেছে।