গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু হত্যাযজ্ঞ এবং কৃত্রিম দুর্ভিক্ষকে ‘মানবতার ইতিহাসে ভয়াবহতম ট্র্যাজেডি’ উল্লেখ করে এর দায় বিশ্বের সকল মানুষকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি আবেগপ্রবণ পোস্টে তিনি এই কথা বলেন।
শায়খ আহমাদুল্লাহ লেখেন, “আমাদের ঘরে সন্তান একবেলা না খেলে আমরা অস্থির হয়ে যাই। অথচ গাজার লক্ষ লক্ষ শিশু দিনের পর দিন অনাহারে তিলে তিলে মারা যাচ্ছে। যারা বোমায় মরছে না, তাদের মারছে অভুক্ত রেখে। বিশ্বনেতারা, মানবাধিকার সংস্থা, এমনকি আরব দেশগুলো—সবাই নীরব দর্শক।”
তিনি বলেন, “এই আধুনিক বিশ্বে, যেখানে প্রতিদিন খাদ্য উৎপাদন হয় হাজার হাজার টন, যেখানে ফ্রিজে খাবার জমে পড়ে থাকে, সেখানে কেবল রাজনৈতিক স্বার্থের কারণে একটি পুরো ভূখণ্ডে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে। আমাদের চোখের সামনেই গাজা শহরকে গোরস্তানে পরিণত করা হচ্ছে, অথচ আমাদের জীবনযাত্রা অপরিবর্তিত—এটাই কি মানবতা?”
তিনি আফসোস করে বলেন, “আটশ কোটি মানুষের এই পৃথিবীতে একটি শিশু খেতে না পেয়ে মারা যাচ্ছে—এ দুনিয়ার ইতিহাসে আমাদের জায়গা কোথায় হবে?”
পোস্টের শেষে শায়খ আহমাদুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, “হে আল্লাহ, যারা গাজার শিশুদের অনাহারে হত্যা করছে, তাদের জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো।”