রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে পাথর ও সিমেন্টের ব্লক দিয়ে পিটিয়ে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে হত্যার ঘটনায় অন্যতম প্রধান আসামি মো. নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (১৪ জুলাই) গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নান্নু কাজী আব্দুল কাদের কাজীর ছেলে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী এ বিষয়ে নিশ্চিত করে বলেন, “সোহাগ হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের অভিযানে এটি সম্ভব হয়েছে।”
র্যাব-১১ এর মিডিয়া উইং মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারের পর নান্নু কাজীকে র্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি আরও গম্ভীর হয় যখন ভাইরাল হওয়া একটি ভিডিওতে নান্নু কাজীকে দেখা যায়, যেখানে সে সোহাগকে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এই হত্যার সঙ্গে আরও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
নান্নু কাজীর গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডের মূল রহস্য কিছুটা উদ্ঘাটিত হয়েছে, তবে পুলিশ ও র্যাবের অভিযান এখনও অব্যাহত রয়েছে।