সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
অবৈধভাবে ভারতে অবস্থান করা দুই বাংলাদেশি নাগরিককে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারসংলগ্ন রেলস্টেশনের পাশের এলাকা দিয়ে ওই দুই বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ।
তারা হলেন, দিনাজপুর সদর এলাকার শহীদুল ইসলামের ছেলে সুমন (২১) ও ঢাকা সাভার উপজেলার ইব্রাহিম দুলালের ছেলে আল আমিন (৩১)। হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশি দুই যুবক দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দুই বছর আগে কাজের সন্ধানে কলকাতায় যান এবং সেখানে অবৈধভাবে বসবাস করে হোটেলে কাজ করছিল। বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের সেখানে আটক করে। শুক্রবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রক্রিয়া শেষে শনিবার (২৮ জুন) সকালে তাদের দুজনকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।