আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন শেয়ার করে প্রতিক্রিয়া দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি প্রজ্ঞাপন সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করে শুধুমাত্র লিখেন, “আলহামদুলিল্লাহ”।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সারা দেশে গুম, খুন, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে এক ত্রাসের পরিবেশ তৈরি করেছিল।
বিশেষভাবে, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে দলটির বিরুদ্ধে হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে—যা দেশি-বিদেশি বিভিন্ন তদন্ত ও প্রতিবেদনে উঠে এসেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের বিভিন্ন আদালতে আওয়ামী লীগের বহু নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে। সে কারণে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটির সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।