শ্রবণশক্তি হারানোর কারণে দীর্ঘদিন গান ও মঞ্চের অনুষ্ঠান থেকে দূরে ছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। প্রায় দুই বছর ধরে প্রকাশ্য অনুষ্ঠানেও দেখা যায়নি নব্বইয়ের দশকের এই জনপ্রিয় গায়িকাকে। তবে এবার তার ভক্তদের জন্য এসেছে সুখবর। আবারও মঞ্চে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন অলকা।
সম্প্রতি অলকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান বলিউড পরিচালক সুভাষ ঘাই। সেই সাক্ষাতের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ের জিয়ো গার্ডেনে তাঁর সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে অলকাকে আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক।
সুভাষ ঘাইয়ের পোস্ট থেকে জানা গেছে, আমন্ত্রণ পেয়ে আনন্দের সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার সম্মতি দিয়েছেন গায়িকা। অলকার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা জানিয়ে পরিচালক লিখেছেন, তাঁর চোখেমুখে আবারও আগের সেই উজ্জ্বলতা ও প্রাণশক্তি দেখতে পেয়েছেন। আমন্ত্রণের কথা শুনে উঠে দাঁড়িয়ে হাসিমুখে অনুষ্ঠানে যাওয়ার কথা জানান অলকা। তার এই সম্মতিতে উপস্থিত সবাই আনন্দিত হয়েছেন বলেও জানান সুভাষ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে হঠাৎ শ্রবণশক্তি হারানোর কথা জানিয়েছিলেন অলকা ইয়াগনিক। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তাঁর এই সমস্যার নাম ‘সেন্সরিনিউরাল হিয়ারিং লস’। ভাইরাসের সংক্রমণের পর বিমানের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎই কানে শুনতে পাচ্ছিলেন না তিনি। এরপর চিকিৎসার জন্য গান ও জনসমক্ষে আসা থেকে বিরতি নেন শিল্পী।
সুভাষ ঘাইয়ের সাম্প্রতিক পোস্টে অলকার শারীরিক অবস্থার উন্নতির খবর পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন তাঁর অনুরাগীরা। যদিও ১১ ডিসেম্বরের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এখনো নিশ্চিত নয়, তবে যাওয়ার সম্মতি ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে প্রিয় গায়িকাকে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা। সূত্র: দ্য ওয়াল