দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেছেন, দেশব্যাপী তদন্ত পরিচালিত হওয়ায় পুরো প্রক্রিয়া শেষ করতে আরও কিছু সময় প্রয়োজন হবে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
প্রসিকিউটর তামিম বলেন, বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দল হিসেবে এ ধরনের বিচারপ্রক্রিয়া আগে কখনো পরিচালিত হয়নি। ফলে তদন্তের বিভিন্ন দিক যাচাই-বাছাই করতে হচ্ছে। এ কারণে তদন্ত শেষ হওয়ার নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব নয়।
সাম্প্রতিক সহিংসতার ঘটনা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সারা দেশে এ কার্যক্রম পরিচালনা করছে। তদন্তের পরিধি বিস্তৃত হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করতে সময় লাগতে পারে।
এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পরিচালিত একটি মামলার রায়ের প্রসঙ্গ তুলে ধরেন প্রসিকিউটর তামিম।
তিনি জানান, ওই মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের পাশাপাশি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। ট্রাইব্যুনাল আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন।
প্রসিকিউটর তামিমের ভাষ্য অনুযায়ী, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আসামিদের সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওই রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে নতুন কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, জানতে চাইলে প্রসিকিউটর বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা সম্ভব হবে।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত কবে নাগাদ শেষ হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, তদন্ত সংস্থা প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ ও যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত সম্পন্ন হওয়ার পরই পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।