মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম নিহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে মসজিদে নামাজ পড়াতে যাওয়ার সময় বেপরোয়া ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত মাকসুদুল আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১নং ওয়ার্ড নুর আলম ( মন্ত্রী সওদাগরের) ২য় ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয় এই আলেমের মৃত্যুতে শোক জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা মাকসুদুল আলম নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের সম্মানিত পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দ্বীনি দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
জনপ্রিয় এই আলেমের মৃত্যুতে স্থানীয় আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে এলাকায় দীর্ঘদিন ধরে বালুবাহী ভারী ড্রাম ট্রাক যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে সুবর্ণচরে ক্ষমতাশীল রাজনৈতিক দলের ছত্রছয়াতলে এ অবৈধ বালু বাণিজ্যে চলছে। এছাড়াও বেপরোয়া গতির এসব অবৈধ ড্রাম ট্রাক কোন কোন সময় প্রাণ কেড়ে নিচ্ছে সড়কে। প্রশাসন ও রাজনৈতিক ইন্ধনে এসব বন্ধ করা যাচ্ছে না।