প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানীকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক জনগণ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সিসিইউর সংখ্যা বাড়ানো সম্ভব। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অবহেলার কারণে দেশের হাসপাতালগুলোর ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থা দুর্বল অবস্থায় রয়েছে। জেলা ও সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে গুরুতর রোগীদের মৃত্যুহার কমানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসাসেবার সম্প্রসারণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি জানান, চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে চলতি মাস থেকেই হাসপাতালগুলোতে আনসার সদস্য মোতায়েন শুরু হবে।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৫৬ বছরের ইতিহাসে স্বাস্থ্য খাত দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সম্মেলনে বক্তারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার আহ্বান জানান।