দলীয় কর্মসূচিগুলো আরও গতিশীল ও প্রাণবন্ত করতে আগামী ডিসেম্বর মাসে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের আস্থার ভিত্তি নষ্ট করেছে। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের বিভিন্ন লক্ষণ দৃশ্যমান হচ্ছে। তিনি বলেন, দেশের মানুষ অতীতেও বিভিন্ন অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। তবে প্রতিবারই প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দেশের মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে এসেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান। নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ভোট কারচুপির সঙ্গে জড়িতদের আর ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না। অতীতের মতো ভবিষ্যতেও সব ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়াই করে দেশ এগিয়ে যাবে।
শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, শিক্ষা খাত নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোরপূর্বক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।