মুন্সীগঞ্জ প্রতিনিধি
পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্মাণ করা হচ্ছে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ইছামতি নদীর তীরে ৩০৮ দশমিক ৩৩ একর জমির ওপর ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির ৮৩ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ করে ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি চালুর উপযোগী করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজধানীতে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান। সভায় তিনি প্রকল্পের অগ্রগতি এবং পুরান ঢাকা থেকে কেমিক্যাল শিল্পপ্রতিষ্ঠান স্থানান্তরের বিভিন্ন দিক তুলে ধরেন।
নিমতলী ও চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকার আবাসিক এলাকার মধ্যে থাকা কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা সামনে আসে। এরই ধারাবাহিকতায় সিরাজদিখানে এ শিল্পপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের পাশাপাশি পুরান ঢাকার প্রতিষ্ঠানগুলো কীভাবে নতুন স্থানে স্থানান্তর করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করছেন সরকার।
সভায় শিল্পমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কেমিক্যাল কারখানা স্থানান্তরের প্রক্রিয়া সাজাতে হবে। কোনোভাবেই যেন সাভারের চামড়া শিল্পনগরীর মতো জটিলতা সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, প্রকল্পের বাস্তবায়ন ও স্থানান্তর কার্যক্রমে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থার প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের প্রতি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও মালিকানাবোধ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।
শিল্পপার্কে উৎপাদন কার্যক্রম শুরুর আগে থেকেই বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান বের করার নির্দেশনাও দেন তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন ও কারখানা স্থানান্তরের উদ্যোগ সফল হবে। এতে নতুন স্থানে নিরাপদ পরিবেশে কেমিক্যাল শিল্পের কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিত্রকোট ও কামারকান্দা মৌজায় ইছামতি নদীর তীরে গড়ে উঠছে এ শিল্পপার্ক। ৩০৮ দশমিক ৩৩ একর জায়গাজুড়ে নির্মিতব্য এ শিল্পাঞ্চলে মোট ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৩ শতাংশ। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের জুনের মধ্যে অবশিষ্ট নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।