ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলায় একসময় কোরআন তিলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক আয়োজনের কারণে শিক্ষার্থীদের শোকজ এবং হয়রানির মুখে পড়তে হতো, সেখানেই এখন প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে এই পরিবেশ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এসএম ফরহাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় আয়োজিত প্রকাশনা উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসএম ফরহাদ বলেন, অতীতে কোরআন তিলাওয়াত, রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান আয়োজন কিংবা ইসলামী সংস্কৃতি চর্চার কারণে শিক্ষার্থীদের বিচারের মুখোমুখি হতে হতো। এমনকি মসজিদে তারাবির নামাজ পড়ানো কারির চাকরি হারানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, বিগত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রশিবিরের প্রকাশনা পাওয়া গেলে শিক্ষার্থীদের নির্যাতন, বহিষ্কার ও মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। ডায়েরি, ক্যালেন্ডার ও ম্যাগাজিনকেও জঙ্গি সংশ্লিষ্টতার উপাদান হিসেবে উপস্থাপন করা হতো বলে দাবি করেন তিনি।
ফরহাদ বলেন, ইসলামের ইতিহাস, মুসলিম ঐতিহ্য ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরতেই এবারের প্রকাশনা উৎসবের আয়োজন। একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদবিরোধী চেতনা জাগ্রত রাখতে ছাত্রশিবিরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।