দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত রাশেদ খানকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ।
রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে ডা. ইরান বলেন, রাশেদ খানের পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ক্ষমতাসীন দলের এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের প্রতি অসহিষ্ণু মনোভাবের প্রতিফলন এটি। এ ঘটনার রাজনৈতিক দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রশ্রয়ে রাশেদ খান বারবার বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত না করে তাঁদের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে।
ডা. ইরান বলেন, কোনো সংবাদপত্রের বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে যুক্তি, তথ্য ও প্রমাণ দিয়ে তার জবাব দিতে হবে; পত্রিকা ছিঁড়ে নয়।
তিনি আরও বলেন, রাশেদ খানকে পদ থেকে অপসারণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাঁর অবস্থান স্পষ্ট করতে হবে।