ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের বিজয়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ দেখিয়ে ভোট পাওয়ার দিন শেষ। জনগণের কাছে দলটিকে আর ইসলামিক দল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফলে প্রমাণ হয়েছে, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ আর কোথাও কাজে আসবে না। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনকে অভিনন্দন জানান তিনি।
জামায়াতের নেতাকর্মীদের ধর্মীয় পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন দাবি করেন, দলটির মধ্যে ধর্মীয় লেবাসে অনেক বিতর্কিত ব্যক্তি রয়েছেন। নেতাদের ব্যক্তিগত জীবন, বিভিন্ন কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি।
তার অভিযোগ, জামায়াতের একাধিক নেতার ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে দলটির অবস্থানের মধ্যেও অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, জামায়াতের এক আইনজীবী শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভারতের বিষয়ে দলটির প্রকাশ্য বক্তব্য এবং ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জামায়াতের ধর্মীয় অবস্থান নিয়ে সমালোচনা করতে গিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের একটি মন্তব্যও উল্লেখ করেন রাশেদ খাঁন। তার দাবি, জামায়াতে যোগদানকারীরা পথভ্রষ্ট—এমন মন্তব্য করেছেন ওই খতিব।
এ ছাড়া মুফতি আব্দুল মালেকের সমালোচনার জবাবে আমির হামজা ও তারেক মনোয়ারের মতো বক্তাদের ওয়াজের মঞ্চে ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি করা যেতে পারে, তবে তাতে সাধারণ মানুষের কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে জামায়াতের শরিয়াহ আইন প্রতিষ্ঠার অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, বিদেশিদের সঙ্গে বৈঠকে যারা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা অস্বীকার করে, তাদের আর ইসলামি দল বলা যায় না।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের বিজয়ের পর এ স্ট্যাটাস দেন রাশেদ খাঁন।