মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের জন্মদিন উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকারের উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকার-এর পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেক কাটার পূর্বে নেতাকর্মীরা মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য শুভকামনা জানান। পরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকার বলেন, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের জন্মদিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
দেশের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে তাঁর কার্যকর ভূমিকা ও দায়িত্বশীল নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করি। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্বে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম আরও বেগবান হবে-এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান আবিদ, সহ-সভাপতি মায়শা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাব্বির, স্বপন মিয়া ও হাবিবুর রহমান সোহেল এবং গনেশ রায়, দপ্তর সম্পাদক মো: মেহেদী বিন হাসান, প্রচার সম্পাদক সজীব চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইমন পারভেজ ও মো: কামরুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব রায়সহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।